আপডেট: November 14, 2026
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ‘ফরচুন বরিশাল’-এর মালিক মিজানুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে বরিশালের ছাত্র ও ক্রীড়াঙ্গন। বিসিবি থেকে তার পদ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।মিজানুর রহমানের পদত্যাগের দাবিতে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তার কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতেও ব্যানারে আগুন দিয়ে তাকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মিজানুর রহমানের কুশপুত্তলিকা তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় তারা মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে একই স্থানে ছাত্রদল ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের নেতা-কর্মীরা তার সব ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়।শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. নাজমুল হুদা ও সোহেল খান অভি, জেলা ছাত্র ফেডারেশনের রাইদুল ইসলাম সাকিব, বরিশাল ল কলেজ ছাত্রদলের আহবায়ক সুমন এবং বিএম কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও মহানগর ছাত্রদল নেতা রাতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আন্দোলনকারীদের দাবি, সম্প্রতি ঢাকায় ফুটবল বিষয়ক এক পরিকল্পনা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে হেসে “উই হ্যাভ আ প্ল্যান” বলেন মিজানুর রহমান। ১০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ওই মন্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করেছেন। পাশাপাশি মিজানুর রহমান পূর্বে সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন উল্লেখ করে তাকে দ্রুত বিসিবির পরিচালক পদ থেকে অপসারণের দাবি জানান তারা।
অভিযুক্ত মিজানুর রহমান ব্যানার পোড়ানোর ঘটনায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ব্যানার দিয়ে কী হবে? তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।অন্যদিকে, বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মামুন খন্দকার জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

