বরগুনায় ব্যাগের ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার

আপডেট: August 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বামনা উপজেলায় মহাসড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সোনাখালি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় বাবুল মিয়া নামে এক ব্যক্তি শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি একটি বাজারের ব্যাগের ভেতর নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন।পরে বিষয়টি তিনি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। খবর পেয়ে কামরুজ্জামান ও ফায়ার সার্ভিসের সামনে চা বিক্রেতা তারিক হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাঁরা দ্রুত শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা শিশুটিকে ব্যাগের ভেতর রেখে সেখানে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শিশুটির পরিচয় কিংবা তার বাবা-মায়েরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশুটির পরিচর্যার বিষয়টি বিবেচনা করে চা বিক্রেতা তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন। বর্তমানে তার বোনের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। তারিক হোসেনের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।নবজাতককে এভাবে ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

একই সঙ্গে শিশুটিকে উদ্ধারের পর তারিক হোসেন ও তাঁর পরিবারের নেওয়া দায়িত্বকে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তের পাশাপাশি তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network