আপডেট: December 24, 2023
উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলায় বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
রোববার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ট্রলিচালক সোহরাব ও একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে হেলপার রুবেল।
স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা ছিল। ওই সময় বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস ১০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে উজিরপুরের মুন্ডপাশায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত নিহত হন। এ সময় বাসের সুপারভাইজারসহ আহত হন আরো ১০জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় সড়কের পাশে গাছে গিয়ে আটকে বাস। এতে বাসটিও সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

