বরিশালে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৫

আপডেট: June 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের প্রার্থী ও তার অনুসারীরা। এতে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা রাতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খয়েরদি গ্রামে এই ঘটনা ঘটে, জানিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী।

আহত ব্যক্তিরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী, তার কর্মী সাইদুল ইসলাম, রাকিব মাহামুদ, সজল তালুকদার এবং শরীয়তুল্লাহ। বর্তমানে তারা সকলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী  বলেন, ‘জাগুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খয়েরদি গ্রামে গণসংযোগ শেষে ফেরার সময় আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম শাহীন ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাদের সাথে থাকা হকিস্টিক, লাঠি, ছুরি, রামদা এবং ক্রিকেট স্টাম্প দিয়ে আমার কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছেন। আমার কর্মী সাইদুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায়, বুকে ও শরীরের অন্যান্য অংশে আঘাত করা হয়েছে। এ ছাড়া আমার আপন ছোট ভাই শরীয়তুল্লাহ, চাচাতো ভাই রাকিব মাহামুদ ও চাচা সজল তালুকদারকে কোপানো হয়েছে। আমাদের হ্যান্ডমাইক এবং আমাদের সাথে থাকা হাত পাখাগুলো নিয়ে গেছেন দিদারুল আলম শাহীন ও তার লোকজন।’

প্রার্থী  জানান, এই হামলায় আওয়ামী লীগের প্রার্থী শাহীনের সাথে দিপু আকন, শুভ খান, বাবু খান, মিরাজ ফকির, তানভীর হাওলাদার, মোয়াজ্জেম হোসেন আকন, কামরুল ইসলাম, নীরব চাপরাশী, আকাশ খান, মাকছুদুর রহমান সিকদার, তানজীল হোসেন, আসাদুল ইসলাম, হেলাল হাওলাদার এবং মিলন হাওলাদারসহ আরও অনেকে অংশ নেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

এই বিষয়ে জানতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম শাহীনের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান  জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, কিন্তু হামলাকারী কাউকে আটক করতে পারেনি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network