বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সিসিইউতে আগুন, নারীর মৃত্যু

আপডেট: December 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে কোনো রোগীর হতাহতের ঘটনা ঘটেনি। যদিও ঘটনার সময়ে হৃদরোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর হাসপাতালে নিয়মিত রোগী ভিজিটে ছিলাম। তখন সিসিইউতে হঠাৎ শর্টসার্কিটে আগুন লেগে যায়। তখন আমি নিজেই রোগীদের সরিয়ে নেই।পরিচালক বলেন, অগ্নিনির্বাপণে হাসপাতালের প্রশিক্ষিত কর্মীদের প্রচেষ্টায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরও ওই ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ওজোপাডিকোতে জানিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেন লাইনে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। যারা বলছেন তারা না জেনে বলছেন। আমি হাসপাতালে ভিজিটে ছিলাম। রোগীদের হুড়োহুড়ির সময়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তা আতঙ্কের কারণে মনে হয় না। ওই রোগী আগেই গুরুতর অসুস্থ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনের ঘটনায় কারো মৃত্যু হয়নি। ওয়ার্ডে থাকা অন্য রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আতঙ্ক ছড়িয়ে পড়লে গৌরনদীর সরিকলের বাসিন্দা রমনী দাসের (৬০) মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে ভর্তির সময় থেকেই মুমূর্ষু ছিলেন।হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, রোগীদের পুনরায় সিসিইউতে নেওয়ার কাজ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network