বাকেরগঞ্জে কোরানের ব্যানারে দোয়া ও মিলাদের মঞ্চে অ’শ্লী’ল নৃত্য, নিন্দার ঝড়

আপডেট: October 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছে।জানা যায়, উপজেলার সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, দোয়া ও মিলাদ শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবিসংবলিত ব্যানারটি মঞ্চেই টানানো ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানটির আয়োজন করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া, মিলাদ ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বিএনপির কোনো পদে আছেন কি না জানতে চাইলে শাহিন মোল্লা বলেন, তিনি বিএনপির কোনো পদে নেই। অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইউনিয়ন বিএনপি বা উপজেলা বিএনপির কারও কাছ থেকেও তিনি কোনো অনুমতি নেননি।

দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান বলেন, ইউপি সদস্য শাহিন মোল্লা দলের প্রাথমিক সদস্যপদসহ কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য থানা থেকেও কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠানে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ আয়োজকদের অনুষ্ঠানটি বন্ধ করতে নির্দেশ দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network