তালতলীতে কন্যাশিশু দিবসে গুড নেইবারস এর সচেতনতামূলক নানা আয়োজন

আপডেট: October 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে বরগুনার তালতলীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৬৫ জন কন্যাশিশু ছাড়াও শিক্ষক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।

গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার সুব্রত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলামিন, আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এবং তালতলী সিডিপির সিডিসি কমিটির চেয়ারপারসন মো. আলমগীর হোসেন।

আলোচনা সভায় জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা, শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং শিশুদের নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কন্যাশিশুরা শুধু পরিবারের সদস্য নয়, তারা ভবিষ্যৎ সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে একটি সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে কন্যাশিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে শিক্ষক, স্বেচ্ছাসেবক, কন্যাশিশু ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network