বাকেরগঞ্জে ভারতের সাবেক পররাষ্ট্র সচিবের নামে সড়ক, জানে না এলজিইডি

আপডেট: August 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জের একটি এলাকা পরিদর্শনের ৮ বছর পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার ও ভার‌তের সা‌বেক পররাষ্ট্র স‌চিব হর্ষ বর্ধন শ্রিংলার নামে সাড়ে তিন কিলোমিটার সড়কের নামকরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন বলছে, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সড়কের নামকরণ করা হয়নি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, এ নামের কোনো সড়কের সংস্কার তারা করছেন না। সংসদ সদস্য কিছু করে থাকলে সেটি তার নিজস্ব দায়। সরকারি দপ্তার তা জানে না।
বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না ও তার স্বামী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে এ নামকরণ করা হয়।

জানা গেছে, ২০১৬ সা‌লে বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের তেরোঘর নামক এলাকায় প্রতিষ্ঠিত মহাত্মা গান্ধী আশ্রম ও কলসকাঠি বধ্যভূমি পরিদর্শন করেন তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সেই পরিদর্শনকে সম্মান জানাতে উপজেলা কমিটির সঙ্গে সভা ছাড়াই চলতি মাসের ৭ আগস্ট তেরোঘর এলাকার কলসকাঠী থেকে ডিঙ্গারহাট সাড়ে তিন কিলোমিটার সড়কের নাম ফলক উন্মোচন করেন সংসদ সদস্য নাসরিন জাহান রত্না ও তার স্বামী এবিএম রুহুল আমিন হাওলাদার। স্থানীয়রাও আগে থেকে কিছুই জানতেন না। ৬ আগস্ট পর্যন্ত তারা জানতেন তেরোঘর জমিদার বাড়ির সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৭ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে সড়কের পাশে হর্ষ বর্ধন শ্রিংলা সড়ক ফলকের ভিত্তিপ্রস্তর লাগিয়ে দেন। ফলকটিও ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে।

ফলকে সড়ক সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাও জানানো হয়। সে সঙ্গে কি কারণে নামকরণ করা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে।সড়কের নামকরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল সাংবাদিকদের বলেন, সড়কের নামকরণে বাংলাদেশি কারও নামের ক্ষেত্রে উপজেলা কমিটি থেকে প্রস্তাব যেতে হয়। আর বিদেশি কারও নামকরণের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিতে হয়।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, কলসকাঠির তেরোঘরে সাড়ে তিনকিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। তবে ওখানে হর্ষ বর্ধন শ্রিংলা সড়ক নামে কোনো সড়কের সংস্কার এলজিইডির কার্যতালিকায় নেই। এ নামে কোনো সড়ক রয়েছে তারও কোনো অনুমোদন মন্ত্রণালয় থেকে আসেনি। সড়কের নামকরণতো মন্ত্রণালয় থেকে হয়ে আসে। এ নামে আমরা কিছুই পাইনি। স্থানীয় সংসদ সদস্য যদি কোনো ফলক লাগিয়ে থাকেন সেটি তিনি ব্যক্তিগতভাবে করেছেন সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটুকু বলতে পারি এ নামে কোনো সড়ক এলজিইডির নেই।

বরিশাল-৬ আসনের সংসদস সদস্য নাসরিন জাহান রত্না সাংবাদিকদের বলেন, এখানে পাক আর্মি গুলি করে হিন্দুদের হত্যা করে। এ জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাইকমিশনার এসেছিলেন। তার স্মরণে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি লাগানো হয়।

তিনি জানান, উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু শোক দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার কর্মকর্তারা আসতে পারেনি। সড়কটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।

এদিকে স্থানীয়রা জানান, এলাকাটি তেরঘর জমিদারদের এলাকা নামে প্রসিদ্ধ। এখানে অনেক পুরোনো ভবন ছড়িয়ে ছিটিয়ে আছে। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা এখানে গণহত্যা চালিয়েছিল।বধ্যভূমি ও এখানে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম পরিদর্শনের জন্য ২০১৬ সালে তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা কলসকাঠী সফর করেছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network