আপডেট: April 27, 2022
অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জ শহরে পারিবারিক কলহের কারণে এক ছেলের লাঠির আঘাতে আহত মা আঞ্জুয়ারা বেগম আঞ্জু (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা শাহ জামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে আরিফকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ধানবান্ধি মহল্লায় এ ঘটনা ঘটে।
শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাকির হোসেন জানান, পারিবারিক কলহের কারণে মঙ্গলবার সন্ধ্যায় ছেলে আরিফ তার মা-বাবাকে মারধর করেন। এ সময় তিনি নিজেও আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর মা ও বাবাকে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম বুধবার সকালে মারা যান। বাবা শাহ জামাল সেখানেই ভর্তি রয়েছেন।
পরিদর্শক জাকির আরো বলেন, ঘটনার পর আরিফ বাড়ি থেকে পালিয়ে যান। বুধবার দুপুরে যমুনা নদীর মতি সাহেবের ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

