২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মেহেন্দিগঞ্জে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

আপডেট: জুন ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই বড় ভাইয়ের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বয়াতি বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম সরদার (৪৫) আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বাসিন্দা এবং কাঞ্চন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাই হারুন সরদারের সঙ্গে অপর ভাই মজিবুর সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সৌদি প্রবাসী নজরুল ইসলাম সরদার মজিবুর সরদারের পক্ষ নেওয়ায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন হারুন সরদার।অভিযোগ রয়েছে, দুপুরে মসজিদে নামাজ আদায়ের সময় নজরুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান হারুন সরদার। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তাঁর হাত ও পায়ের রগ কেটে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে মসজিদের মুসল্লিরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলাউল হাসান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি প্রক্রিয়া ও তদন্তের কাজ চলমান রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network