যুবলীগ নেতার গোডাউন থেকে ৩৫৫ কেজি সার জব্দ

আপডেট: September 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের গৌরীপুরে এক যুবলীগ নেতার গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৩৫৫ কেজি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।রোববার দুপুরে উপজেলার পালুহাটি বাজারে অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনের (৪৫) গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তিনি পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে পালুহাটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে গোডাউনে তালা দিয়ে পালিয়ে যান ব্যবসায়ী রফিকুল ইসলাম সুজন। পরে স্থানীয়দের উপস্থিতিতে গোডাউনের তালা ভেঙে ভেতরে থাকা ৩৫৫ কেজি অবৈধ সার জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত গৌরীপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, সুজন একজন অনুমোদিত খুচরা কীটনাশক ব্যবসায়ী হলেও খোলা বাজারে সার বিক্রি বা মজুদ করার মতো কোনো বৈধ কাগজপত্র তাঁর ছিল না। অবৈধ সার মজুদের বিরুদ্ধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে গৌরীপুর থানা-পুলিশের সদস্য ও স্থানীয় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network