আপডেট: July 20, 2021
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রবিবার রাতে দক্ষিণ তুলাতুলী কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রুমান মিয়াকে (৩১) মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় রুমানের বাবা লোটাস মুন্সি বাদী হয়ে একটি মামলা করেন।
হামলার শিকার স্বাস্থ্যকর্মী রুমানের অভিযোগ, তাদের বাড়ির সামনের কাঁচা সড়ক দিয়ে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের বরাত দিয়ে উল্কায় একটি ঘরের নির্মাণসামগ্রী নেওয়া হচ্ছিল। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয় বলে নির্মাণসামগ্রী পরিবহণে রুমান বাধা দেন। এই তুচ্ছ ঘটনার জেরে রবিবার রাত ৮টায় কাটাখালী বাজারে গেলে হেলালের উপস্থিতিতে তার ভাই টিপু সুলতানসহ কয়েকজন লোক রুমানের ওপর হামলা চালায়। এতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন তিনি।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ইউপি সদস্য হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

