রাজাপুরে নুরে আলম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট: November 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। পরে গ্রেপ্তার শাহজাহানকে রাজাপুর থানায় নেওয়া হয়।

শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালায় মরদেহ ফেলে রাখা হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। এতে শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network