আপডেট: October 1, 2021
অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার দায়ে মাকসুদুল আলম (২১) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কামরুল হোসেন চৌধুরী এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছয়ানি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মাকসুদুল আলম দীর্ঘ দিন যাবত এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। হানিফ ভুঁইয়া স্কুল এন্ড কলেজে যাওয়া-আসার পথে তাকে বিরক্ত করতো মাকসুদুল। এছাড়াও সে ছাত্রীর বাড়িতে গিয়েও তাকে উত্ত্যক্ত করতো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী জানান, শুক্রবার সকালে ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মাকসুদুলকে গ্রেপ্তার করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

