৫ টাকায় ঈদের বাজার

আপডেট: June 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: ৫ টাকায় মিলছে ঈদ বাজার। আর এই ৫ টাকায় পাওয়া যাচ্ছে আলু, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, পোলাওয়ের চাল, মসুর ডাল ও মসলা। বিষয়টি অবাক করার মতো হলেও এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফলে। ঈদের আনন্দকে ভাগ করে নিতেই সমাজের অসহায় গরিব-দুস্থ মানুষদের জন্য এই আয়োজন।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ‘বাউফল বয়েজ-৮ পাবলিক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের উদ্যোগে মাত্র ৫ টাকার বিনিময়ে এসব পণ্য বিক্রি করা হয়।এ সময় উপস্থিত ছিলেন- বাউফলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান, বাউফল বয়েজ -৮ পাবলিক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রাকিব প্রমুখ।জানা যায়, ২০১২ সাল থেকে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার দুস্থ মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নামমাত্র মূল্যে দুস্থদের হাতে পৌঁছে দিচ্ছে সংগঠনটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে একটি অস্থায়ী দোকান তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে নানা পণ্য সামগ্রী। মাত্র ৫ টাকায় দিলেই পাওয়া যাচ্ছে ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি পোলাওয়ের চাল, আধা কেজি মসুর ডাল এবং ১ প্যাকেট মসলা। বাউফলের ৭০ জন দুস্থ নারী ও পুরুষ লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ টাকায় এতগুলো পণ্য পেয়ে মহাখুশি।

সংগঠনের সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আগামীতেও দুস্থ মানুষের কল্যাণের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ঈদে সবাই গরিবদের মাঝে মাংস বিতরণ করলেও আনুসাঙ্গিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী অনেকেই কিনতে পারেন না। তাই আমাদের এই আয়োজন। এ সময় দুস্থদের কল্যাণে সবাই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।বৃদ্ধ রহিম মোল্লা বলেন, কয়েকবছর আগে কর্মক্ষমতা হারিয়েছি। এখন কাজ করতে পারি না। এখানে এসে ৫ টাকায় বাজার করতে পেরে আমি অনেক খুশি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network