আপডেট: জুলাই ১, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সিটি গ্রুপের ‘তীর গমের ভূষি’ তৈরি করে বাজারজাত করায় জীবননগরের মেসার্স শাহীন ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১লা জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চ্যাংখালী রোডের নারায়ণপুর মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর পৌর এলাকার বিভিন্ন কীটনাশক ও ভূষি বিক্রয়ের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকিকালে অবৈধভাবে পণ্য (তীর গমের ভূষি) তৈরি করে বাজারজাত করায় সাইফুল হকের প্রতিষ্ঠান মেসার্স শাহীন ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জীবননগর থানা পুলিশের একটি দল।

