আপডেট: April 16, 2022
অনলাইন ডেস্ক:: যশোরের নওয়াপাড়ায় ২৪টি ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা পর নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কারখানাগুলোতে কাঠের পিড়ি, বেলন, কাঠের চামচ, রিহাল, হামানদিস্তাসহ কাঠের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কারখানার পাশেই এলাকার সাউদার্ন ইংলিশ স্কুলের নৈশপ্রহরী সাইফুল ইসলাম একটি কারখানায় আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন। এলাকাবাসী প্রথমে কামাল হোসেনের কারখানায় আগুন জ্বলতে দেখে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন দ্রুত সবগুলো কারখানায় ছড়িয়ে পড়ে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম (৩৭) বলেন, আমার আটটি কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। গত সপ্তাহে ১০ লাখ টাকা দিয়ে দুটি মেশিন কিনেছিলাম। সব পুড়ে গেছে।ক্ষতিগ্রস্ত বিকাশ দাস বলেন, আমার একমাত্র সম্বল কারখানাটি পুড়ে সব শেষ হয়ে গেল। এখন আমি কীভাবে চলব তা ভাবতে পারছি না।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, মধ্যরাতে নওয়াপাড়া পীরবাড়ির পেছনে কয়েকটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার অনেক পরে আমাদের খবর দেওয়ার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

