আপডেট: August 16, 2021
অনলাইন ডেস্ক:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় ৭০ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২ জন ইয়াবা ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ আগস্ট) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে মিলন মিয়া (২৮)। তিনি হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী। হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়া (২৪), অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।
হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম জানান, মিলন সিলেট জেলা কারাগারে থাকাকালে মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। পরবর্তী সময়ে ৯ মাস সাসপেন্ড থেকে গত দেড়মাস আগে হবিগঞ্জ জেলা কারাগারে যোগদান করে। আমরা কারারক্ষীদের কারাগারে প্রবেশের সময় তল্লাশি করে প্রবেশ করাই এবং সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করি।শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

