আপডেট: December 8, 2023
শেখ সেকেন্দর আলী | মো. মোশারফ হোসেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার ২টি থানাসহ (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা) সারাদেশে ৩৩৮টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। যার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩টি থানা। বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর ২০২৩ খ্রি.) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৩৩৮ থানার ওসির মধ্যে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মাহাব্বুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থানায় এবং মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলীকে চুয়াডাঙ্গা সদর থানায় বদলি করা হয়েছে। এছাড়া আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথকে নড়াইলের নড়াগাতি থানায় এবং মাগুরার শালিখা থানার ওসি মো. মোশারফ হোসেনকে বদলি করা হয়েছে আলমডাঙ্গা থানায়।
উল্লেখ্য, যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে গত ৩০শে নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বৃহস্পতিবার সকালে ওসিদের বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

