ছাত্রদের দিয়ে জমি দখলে নিলেন সভাপতি-প্রধান শিক্ষক

আপডেট: April 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে ছাত্রদের দিয়ে জোরপূর্বক ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে স্কুলড্রেস পরা ছাত্রদের ইট বহন করতে দেখা গেছে। এ সময় বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের এলকেএইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন মোল্লা ছাত্রদের দিয়ে এ কাজ করিয়েছেন। মনির মোল্লা দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

দিকে জমি রক্ষায় রোববার (১০ এপ্রিল) স্থানীয় মোল্লার হাটের টেলিকম ব্যবসায়ী ভুক্তভোগী মো. রাসেল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশের কাছে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বিদ্যালয়টির পাশে রাসেলদের ৩৯ শতাংশ জমি রয়েছে। শুরুতে বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তা না থাকায় রাসেলদের জমি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। এখন বিদ্যালয়ের পাশ দিয়েই সরকারিভাবে পাকা রাস্তা হয়েছে। এতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুরাতন রাস্তা বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জমির মালিক রাসেলদের কাছ থেকে দুই লাখ টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় রাসেলকে হুমকি দেওয়া হয়। এতে রাসেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অন্যদিকে সোমবার দুপুরে শিক্ষক মিজানুর রহমান ও সভাপতি মনির মোল্লা ঘটনাস্থলে এসে ছাত্রদের নিয়ে জমির সুপারি গাছ কেটে ফেলেন। সয়াবিনসহ বিভিন্ন ফসল কেটে দেয়। পুরাতন রাস্তাটি পুনরায় ইট দিয়ে তৈরি করে। এতে রাসেলসহ তার স্বজনরা বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী মো. রাসেল বলেন, স্কুলের পাশেই সরকারি রাস্তা রয়েছে। কিন্তু শিক্ষক মিজান ও আওয়ামী লীগ নেতা মনির মোল্লা আমার জমি দখলের পাঁয়তারা করছেন। আমার জমির সুপারি গাছসহ বিভিন্ন ফসল কেটে ফেলেছেন। জমিতে নিরাপত্তা দেওয়াল (বাউন্ডারি) করার জন্য ইট এনেছি। সেই ইট নিয়ে মিজান ও মনির মোল্লা ছাত্রদের দিয়ে আমার জমিতে রাস্তা বানিয়েছে। মনির মোল্লা আমার আরও একটি জমি জোরপূর্বক দখল করে রেখেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন মোল্লা বলেন, স্কুলের শুরু থেকেই রাস্তাটি ছিল। রাসেলসহ তার লোকজন সেখান থেকে ইট সরিয়ে নিয়েছে। এখন তারা জোরপূর্বক সেখানে ইট দিয়ে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছে। আমি ছাত্রদের দিয়ে ইট নিয়ে আবার রাস্তায় বসিয়ে দিয়েছি।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ইউসুফ মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্কুলের শিক্ষক-ছাত্রদের এবং জমির মালিককে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক বলেন, জমি দখলের অভিযোগের বিষয়টি আমার জানা নেই। জমি দখলের কাজে ছাত্রদেরকে ব্যবহার করা যাবে না। তবে প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে সড়ক সংস্কারের কাজ করেছেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network