আপডেট: August 9, 2021
অনলাইন ডেস্ক:: ভূরুঙ্গামারীতে ছেলে সাইকেল চুরির অভিযোগে আটক হওয়ায় মান-সম্মান হারানোর ভয়ে পিতার বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার (ফুটানী বাজার) এলাকায়।
এলাকাবাসী জানিয়েছে, উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের সোনা উল্লাহ মিয়ার পুত্র মো. রুবেল মিয়া (১৭) তার সহযোগী কালীরহাট গ্রামের মো. আশিক মিয়া (১৮) ও একই গ্রামের আজিজুল হকের পুত্র সুমন মিয়া (১৮) গত শুক্রবার (৬ আগস্ট) রাতে বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামের জনৈক আব্দুল লতিফের পুত্র আলতাফুরের (১৮) একটি বাইসাইকেল চুরি করে বিক্রি করে। গতকাল রবিবার দুপুরে চুরির টাকা ভাগাভাগি করার সময় ভাগে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এতে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে বাজারের লোকজন রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে গত বুধবার (৪ আগস্ট) ভোরে সোনাহাট নতুন ব্রিজের কাজে ব্যবহৃত ২টি ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মর্টার চুরির কথাও স্বীকার করে। অপরদিকে ব্রিজের কাজের ঠিকাদারিপ্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার শামীম রেজা ব্যাটারি ও মোটর চুরির বিষয়ে গত বৃহস্পতিবার ৫ আগস্ট থানায় একটি জিডি করেন। পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্থানীয় জনতা কর্তৃক আটক রুবেলকে থানায় নিয়ে যায়।
এদিকে চুরির ঘটনায় পুত্র রুবেল পুলিশের হাতে আটক হওয়ায় মান-সম্মান হারানো ও লোকলজ্জার ভয়ে রুবেলের পিতা সোনাউল্লাহ মিয়া সন্ধ্যায় বিষ পান করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে মৃত্যুবরণ করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রুবেলের বিরুদ্ধে সাইকেল ও ব্যাটারি চুরির কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায়, অপ্রাপ্ত বয়স ও তার পিতা বিষপানে অসুস্থ হলে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

