আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের চারটি বাড়ি, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুই নারী আহত হয়েছে। পুলিশ বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা করেছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, পাটিখালঘাটার ঘটনায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালামের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী রাজনৈতিক বিরোধের জের ধরে পাটিখালঘাটা গ্রামের জামায়াতে ইসলামী সমর্থক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়িতে, তার ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা হারুন অর রশিদের গরুর খাবারে আগুন দিয়ে পুড়ে দেয়। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬), তার মেয়ে সাবিনা (৩০) আহত হয়।
মামলায় আরো অভিযোগ করা হয়, একই ইউনিয়নের মোস্তফা মাস্টার, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপনের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায়। পাটিখালঘাটা বাজারের ওষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানে হামলা করে। পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা। এ মামলায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

