আপডেট: October 26, 2021
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় গাছভর্তি টমটম ও মাহেন্দ্রের মুখোমুখী সংঘর্ষে এক চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।সোমবার রাত ৮টার দিকে দুমকি-লেবুখালী সড়কের লালখাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।নিহত যুবকের নাম জয়নাল গাজী (৩৫)। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের আবদুল জব্বার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টায় দুমকি-লেবুখালী সড়কের লালখাঁ ব্রিজের ওপর দুমকিমুখী দ্রুতবেগের মাহেন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাছভর্তি টমটমের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্রচালক জয়নাল গাজীসহ (৩৫) পাঁচ যাত্রী গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসরা মাহেন্দ্রচালক জয়নালকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত জুঁই নামের একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। জ্ঞান ফেরার পর তাদের নাম পরিচয় জানা যাবে।

