আপডেট: September 11, 2021
অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট থেকে বিলকিস আক্তার (৩০) নামের এক নারীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিলকিস আক্তার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে পুলিশ সদস্য মো. মাসুদের স্ত্রী এবং ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেম বেপারীর মেয়ে।ফ্ল্যাট মালিক কিতাবউদ্দিন জানান, গত মাসে পুলিশ কনস্টেবল মাসুদ রানা জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকার পাঁচতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার স্ত্রী ও দুই শিশুসন্তান থাকতো। তবে তিনি গাজীপুরে কর্মস্থলে থাকেন। মাঝে মাঝে ছুটি পেলে বাসায় আসতেন।
খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরের দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

