২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাকেরগঞ্জে কলেজের জমিতে অদুদ ফরাজীর দোকান নির্মাণের অভিযোগ

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সি,এন,বি ডিগ্রি কলেজের নিজস্ব জমি দখল করে অবৈধভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির পিতা অদুদ ফরাজীর নেতৃত্বে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির পিতা অদুদ ফরাজির নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট জোরপূর্বক কলেজের জমি দখল করে একটি দোকান ঘর নির্মাণ করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়নের সি,এন,বি ডিগ্রি কলেজের পুরনো টিনশেড ভবনের সীমানাভুক্ত জমির একটি অংশ প্রভাবশালী একটি মহল দখল করে সেখানে টিনশেড দোকানঘর নির্মাণ করেছে। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রতিবাদ জানালেও কাজ বন্ধ না করে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে অদুদ ফরাজী।

কলেজের প্রতিষ্ঠাতা জবেদ আলী খান জানান, প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত জমির ওপর ব্যক্তি উদ্যোগে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলা অত্যন্ত দুঃখজনক। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির পিতা অদুদ ফরাজির নেতৃত্বে স্থানীয় অমুল্য নন্দীর দুই পুত্র অশোক নন্দী ও স্বপন নন্দী কলেজের নির্মাণাধীন বাউন্ডারির পিলারসহ দখল করে টিনশেড একটি দোকান ঘর নির্মাণ করেছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব হালদার জানান, স্থানীয় অশোক নন্দী ও স্বপন নন্দীর সাথে কলেজের সম্পত্তি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আদালতে মামলা চলমান থাকলেও তারা জোরপূর্বক কলেজের জমিতে একটি দোকান ঘর নির্মাণ করেছে। বিষয়টি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজকে জানানো হয়েছে।

এ বিষয় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, কলেজের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করছেন বিষয়টি তার জানা নেই। কলেজ থেকেও কেউ তাকে বিষয়টি জানায়নি। যেহেতু তিনি এখন জানতে পেরেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network