আপডেট: June 12, 2021
অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জে মসজিদের এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদ শেখ (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাজিদ শহরের সয়াগোবিন্দ মহল্লার সমশের শেখের ছেলে।
স্থানীয়রা জানান,শনিবার সকালে মসজিদ সংস্কারের জন্য রাজমিস্ত্রী এসে দেখতে পায় মসজিদের এসির তারে জড়িয়ে একজন যুবক ছাদে পড়ে আছে। পরে মুসল্লীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তারের সাথে জড়ানো অবস্থায় থাকা ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই যুবক এলাকায় চুরি করতো। গতকাল রাতে মসজিদের তার চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, সকালে শাহেদ নগর বেপারীপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় এসি সংযোগের বৈদ্যুতিক তারের সাথে সাজিদের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। এরপর তার লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই যুবক মসজিদের এসির তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তার হাতে বৈদ্যুতিক তার কাটার প্লাস ছিল। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

