সড়কে কুকুর-শিয়ালের উপদ্রব, চুয়াডাঙ্গায় একই দিনে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট: February 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গায় একইদিনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও রাতে জেলার পৃথক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কুকুর বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা মেরে এবং অপরজন শিয়ালের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং অপরজন হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.)সকাল সাড়ে ৮টার দিকে আলামিন হোসেন (৩০) নামের যুবক চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে নিজ অফিস জাফরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছালে আচমকা একটি কুকুর মোটরসাইকেলের সামনে চলে আসে। এসময় তিনি কুকুরটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা মারেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত আলামিন হোসেন চুয়াডাঙ্গা পৌরশহরের কলোনিপাড়ার আব্দুল হালিমের ছেলে। তিনি পেশায় সিগারেট বিক্রয়কর্মী ছিলেন।

এছাড়া সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার রামনগর এলাকায় চলন্ত মোটরসাইকেলে শিয়ালের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাইফুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মজের মণ্ডলের ছেলে। সাইফুল ইসলাম পেশায় লেদ মিস্ত্রি ছিলেন। ভালাইপুর মোড়ে তার দোকান রয়েছে। রাত ১১টার দিকে সাইফুল তার এক বন্ধুকে মোটরসাইকেলযোগে রামনগরে নামাতে যান। ফেরার সময় রামনগর-ভালাইপুরের মাঝামাঝি মাঠের মধ্যে একটি শিয়ালের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সাইফুল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গতি নিয়ন্ত্রণে রেখে মোটরসাইকেল চালালে সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি কমিয়ে আনা সম্ভব মৃতের সংখ্যা। পাশাপাশি অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনা এবং সড়কে চলাচলকারী সবধরনের যানবাহনের চালকদের পর্যায়ক্রমে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ও তাদের সাথে মতবিনিময় সভা করা দরকার। এছাড়া সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে যানবাহন চলাচলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সবধরনের কার্যক্রম থেকে সকলের বিরত থাকা উচিত।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network