আপডেট: March 23, 2022
আপডেট নিউজ ডেস্ক:: ফরিদপুরে ৩০ বস্তা সরকারি চালসহ এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ইউএনও, এসিল্যান্ড ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ চালের বস্তাগুলো জব্দ করেন। ওই ইজিবাইকে ৩০টি বস্তার প্রতিটি ২৫ কেজিসহ মোট ৭৫০ কেজি চাল ছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাঙ্গীর ভবুকদিয়া এলাকা থেকে ওএমএসএর ডিলার ইব্রাহিম জলিলের দোকান থেকে সরকারি চাল সরিয়ে কৃষ্ণপুর বাজারে নেওয়া হচ্ছিল। এলাকাবাসী চালসহ ইজিবাইকটি আটক করে ইউএনওকে খবর দেন।
নগরাকন্দার ওসিএলএসডি আলী আজহার বলেন, যে বস্তাগুলোতে চাল নেওয়া হচ্ছিল সে বস্তাগুলো সরকারি নয় এবং বস্তার গায়ে কোনো সিল নেই। তবে ওই বস্তার চাল সরকারি মোটা চাল বলেই মনে হচ্ছে। তবে এ জাতীয় চাল বাজারে বিক্রি হতেও দেখা যায়।
নগরকান্দার ইউএনও জেতী প্রু বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি গোয়াইলপোতা এলাকায় গিয়ে জনগণ দ্বারা আটক করা চাল জব্দ করেন। তিনি বলেন, চালগুলো ওসিএলএসডির জিম্মায় রাখা হয়েছে তদন্ত করে দেখার জন্য। সরকারি চাল হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান ওরফে বুলবুল সরদার বলেন, ডিলার ইব্রাহিম জলিল (৪৮) বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের ঘনিষ্টজন। কাজী আবুল কালামের সঙ্গে যোগসাজসে ওএমএস-এর ডিলার ইব্রাহিম বস্তা পরিবর্তন করে সরকারি চাল পাচার করছিলেন।
অভিযোগ অস্বীকার করে কাজী আবুল কালাম বলেন, এ অভিযোগ সঠিক নয়। এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, ওই তদন্তে আমি দোষী সাব্যস্ত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নেব।
পালিয়ে যাওয়ায় ও মুঠোফোন বন্ধ থাকায় ডিলার ইব্রাহিমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কথা হয়েছে চাল বহনকারী ইজিবাইক চালক সোহাগ শেখ (২৯) বলেন, ডিলার ইব্রাহিমের ছোট ভাই বাবলু (৩৮)। বাবলু তার বাড়ি থেকে ওই চালের বস্তাগুলো তার ইজিবাইকে উঠিয়ে কৃষ্ণপুর বাজারে পৌঁছে দিতে বলেন। এগুলো সরকারি চাল কিনা তা তার জানা নেই।
নগরকান্দা থানার উপ পরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন বলেন, ইজিবাইক চালককে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

