আপডেট: April 24, 2020
অনলাইন ডেস্কঃ রাজধানীর আদাবর থানার সামনে অবস্থান নিয়ে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন এমব্রয়ডারি কারখানার শতাধিক শ্রমিক।আদাবর থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ওই শ্রমিকরা শ্যামলী রিংরোডে এসে থানার সামনে অবস্থান নেয়।
সেখানে তারা বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করে। পরে বৃষ্টি শুরু হলে বেলা ১টার দিকে তারা সেখান থেকে সরে যায়। বিক্ষোভে অংশ নেওয়া দোয়েল এমব্রয়ডারির শ্রমিক মো. রাব্বি বলেন, আদাবর এলাকায় ২০ থেকে ২৫টি এমব্রডারির কারাখানা রয়েছে। এর মধ্যে রত্না এমব্রয়ডারি, সোহেল এমব্রয়ডারি, মায়া এমব্রয়ডারি, মাইলস্টোন এমব্রয়ডারিসহ বেশ কয়েকটি কারাখানার শতাধিক শ্রমিক বিক্ষোভে যোগ দেয়।
এসআই মিজান বলেন, “এই শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবি নিয়ে এসেছে। তাদের কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন তাদের বোঝানোর জন্য। পরে বৃষ্টি আসায় বিক্ষোভকারীরা উঠে যেতে বাধ্য হয়।”

