আপডেট: April 30, 2020
গাজীপুরে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা।বৃহস্পতিবার শহরে কোনাবাড়ি এলাকায় ‘দুরন্ত গামের্ন্টসের’ শ্রমিকদের এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কিছু সময় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুরন্ত গামের্ন্টসের শ্রমিক দেলোয়ার হোসেন বলেন,“আমাদের ফেব্রুয়ারি ও মার্চের বেতন-ভাতা বকেয়া রয়েছে। একাধিকবার তারিখ দিয়েও কারাখানা কর্তৃপক্ষ আমাদের তা পরিরশোধ করে নাই। এখন আমাদের হাতে কোন টাকা নেই, চলছি ধার-দেনা করে। এখন কেউ ধারও দিতে চায় না।
“বাড়ি-ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। দোকান মালিক, বাড়ির মালিক টাকার জন্য আমাদের চাপ দিচ্ছে। কিন্তু তাদের টাকা পরিশোধ করে দেওয়ার কথা বলেও কথা রাখতে পারছি না। তারা এখন আমাদের কথা বিশ্বাস করছে না।”
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ‘দুরন্ত গামের্ন্টসের’ শ্রমিকরা ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
পরে কারখানা মালিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর কর্তৃপক্ষ ৭মে বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও বেলা দেড়টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে চলে যায় বলে জানান তিনি।

