আপডেট: July 27, 2020
অনলাইন ডেস্ক:: নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে তিন গোডাউন থেকে ৬০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।রোববার সন্ধ্যায় র্যাব-১৩ সিপিসি-২, এনএসআই এবং পরিবেশ অধিদফতর যৌথভাবে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে তিনটি গোডাউনে ওই অভিযান চালায়।
সূত্র জানায়, শহরের উল্লিখিত সড়কের ওই তিন গোডাউন মালিক সাবদার হোসেন, আবদুর রশিদ ও ইমরান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা করে আসছিলেন। উপজেলাসহ বিভিন্ন জেলায় তারা পলিথিন বাজারজাত করতেন।রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির এবং মাহবুব হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় তিন কোটি টাকা মূল্যের উল্লিখিত পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
পরিবেশ অধিদফতর রংপুর জেলার পরিদর্শক কাজী সাইফুদ্দীন উদ্ধারকৃত মালামাল জব্দ করে রংপুর অফিসে নিয়ে যান।নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ১৯৯৫ সালের পরিবেশ আইন মোতাবেক প্রত্যেক গোডাউন মালিকে এক লাখ টাকা করে মোট তিন লাখ অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের জেল দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

