আপডেট: October 26, 2020
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চামটা বাজার সংলগ্ন ভাড়ানি খালের উপর আয়রন সেতুটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ পথচারী প্রতিনিয়ত এ ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হলেও সেতুটি সংস্কারের ক্ষেত্রে কর্তৃপক্ষ উদাসীন।
মো. শাহিন হাওলাদার নামের এক ব্যবসায়ী জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ সেতুটি পারাপার হচ্ছে। বিশেষ করে চামটা ও নিয়ামতি বাজারের দিন সেতু পারাপারে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধরা বেশি দুর্ভোগে পড়েন।
উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন (মাসুম মাস্টার) বলেন, সেতুটি সংস্কারের বিষয়ে একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। উপজেলা এলজিইডি অফিস বলছে খুব শিগগিরই সেতুটি সংস্কার করা হবে।
উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, এখানে আয়রন ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার দেয়া হয়েছে, তবে উপজেলা সড়কে আয়রন ব্রিজ নির্মাণ করা যাবে না, যার ফলে একটু সমস্যা হচ্ছে। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে নির্মাণ কাজ শুরু করা হবে।

