দুর্নীতির দায়ে বরিশালের সাবেক সিটি মেয়রের ৭ বছরের কারাদণ্ড

আপডেট: November 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: দুর্নীতি মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের এ মামলায় আরও ৪ জনকে একই মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালত। সোমবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।সাবেক মেয়র ছাড়া দণ্ডপ্রাপ্ত চার আসামি হচ্ছেন- সাবেক বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি কর্পোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালীবাড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জাকির হোসেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন তারিখের মধ্যে তৎকালীন পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দেখিয়ে টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড প্রস্তুত করে ভুয়া দরপত্র সৃষ্টি করে এবং ভুয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যেমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে চলতি হিসাব খোলেন।

উক্ত হিসাবে টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক প্রদত্ত চারটি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ১১ লাখ ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তার মেরামত কাজ দেখায় এবং পরস্পর একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করে।এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবদুল বাছেত ২০০২ সালের ১১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৯ জুলাই দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল বাছেত ও সহ-পরিচালক এমএইচ রহমতউলাহ আদালতের চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে উল্লেখিত রায় ঘোষণা করেন। রায়ের সময় উপস্থিত সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামালসহ ৫ আসামিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network