দিনাজপুরে ধান কাটতে বাধা দেওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা

আপডেট: November 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

দিনাজপুরের বিরল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধানের ক্ষেতে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার বল্লভপুর (মাঝাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল কাদের (৭০)। তিনি ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানায়, পাঁচ-ছয় বছর ধরে ওই গ্রামের মৃত আব্দুল আজিজের পাঁচ ছেলের মধ্যে বাড়ির কাছের ২৬ শতকের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিকে কেন্দ্র করে আদালতে মামলাও চলছে। জমির পাঁচ ভাগে পাঁচ ভাই ও তাদের সন্তানরা চলতি মৌসুমে ধানচাষ করেন।

শুক্রবার দুপুরে আবুল হোসেন বাবুর ভাগের জমির ধান আরেক ভাই রোস্তম আলী ও তার স্ত্রী সন্তান জোড়পূর্বক কাটতে যান। এ সময় আবুল হোসেন ও আরেক ভাই আব্দুল কাদের বাধা দিতে গেলে রোস্তম আলীর সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারামারি হয়।

এ সময় রোস্তম আলীর ছেলে নাঈম ইসলাম (৩৫) ধারাল হাসুয়া দিয়ে আব্দুল কাদেরকে কোপ দেন। আহতের চিৎকারে পরিবারের অন্যরা ও প্রতিবেশীরা এগিয়ে এলে নাঈমরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আবুল হোসেন বাবু জানান, ধান কাটতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ভাতিজা কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় আব্দুল কাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি হাসুয়া উদ্ধার করেছে। আবুল হোসেন বাবুর ছেলে হাসিনুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারাল হাসুয়া উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network