পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

আপডেট: February 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে রেজাউল করিম রিপন নামের একজনকে হত্যার দায়ে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিবুল ইসলাম কাঞ্চন (৩৫) জেলার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারির পুত্র।

নিহত রেজাউল করিম রিপন হাওলাদার (৪০) জেলার ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র এবং পত্তাশী কে সি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী ছিলেন।বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৮ সালের ১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র ও পত্তাশী এলাকার কে সি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম রিপনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে হাসিবুল ইসলাম কাঞ্চন। নিহত রেজাউলের স্ত্রী নাসরিন আক্তার হাসি ওই দিনই ইন্দুরকানী থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৬ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  আদালতে এ ঘটনায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ আদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network