আপডেট: March 15, 2021
বরিশালে মাদক মামলায় জাহানারা বেগম নামে এক নারী ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় প্রদান করেন। এ মামলায় তাকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত জাহানারা বেগম সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) রেজাউল ইসলাম লিটন মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১৬ অক্টোবর র্যাব-৮ এর ডিএডি আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ জাহানারা বেগমকে আটক করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় র্যাব বাদী হয়ে মামলা করে।
পরে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মনোয়ারা আক্তার একই বছর ১৪ নভেম্বর জাহানারা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ রায় প্রদান করেন। জাহানারা বেগম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।

