আপডেট: August 14, 2021
আপডেট নিউজ: বরিশালে এক সপ্তাহের ব্যবধানে চিনি, পেঁয়াজ, রসুন ও ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এছাড়া সবজির দামও চড়া। বেড়েছে মাছের দামও। গত এক সপ্তাহে চাল ও ভোজ্যতেলের দাম নতুন করে না বাড়লেও কমেনি। কিছুটা স্বস্তির খবর হলো কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কমে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আলু, পটল, কাঁকরোল, চিচিঙ্গা, ঝিঙে, পেঁপে, বরবটি, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মুলা, বেগুন, শসা ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১২০, গাজর ১০০, ধনেপাতা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে সরু মিনিকেট চাল ৬০ থেকে ৬৩ টাকা, বিআর-আটাশ ৫০ থেকে ৫৪, জিরাশাইল ৫০ থেকে ৫২ এবং মোটা গুটিস্বর্ণা চাল মানভেদে ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম ৭০ থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা। পেঁয়াজ ৪০ থেকে বেড়ে ৪৫ ও রসুন (চায়না) ১১০ থেকে বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন বাজারে কথা হয় জাহাঙ্গীর হোসেন নামে এক রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন, করোনাকালে আয় কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। পাঁচজনের সংসারে আগের মাসে বাজার খরচ হতো ছয় হাজার টাকা। এখন ১০ হাজার টাকায়ও খরচ মেটে না। দুবেলা সন্তানদের নিয়ে খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
নগরীর নতুন বাজারের খুচরা মুদি দোকানি মো. নয়ন জানান, কঠোর বিধিনিষেধের মধ্যে বাজারে ক্রেতা খুব একটা আসেনি। এখন ক্রেতা আসায় বিক্রি বেড়েছে।
এদিকে বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১১৫ থেকে বেড়ে ১২৫ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১০ টাকায়। ডিমের দাম অপরিবর্তিত আছে।
নতুন বাজারের কয়েকজন মুরগি বিক্রেতা জানান, বিধিনিষেধ শিথিল হওয়ায় হোটেল-রেস্তোরাঁ খুলেছে। মুরগির চাহিদা বেড়েছে।বাজারে বেড়েছে মাছের দামও। বড় আকারের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ আর ছোট আকারের ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিং মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা, কৈ ২০০, কাতল ২৮০ থেকে ৩০০, পাঙ্গাশ ১৩০ থেকে ১৫০, নদীর পোয়া ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৫৮০ থেকে ৬০০ এবং খাসির মাংস ৭৮০ থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে।

