আপডেট: August 28, 2021
পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে মো. আনিস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির চার মণ ওজনের একটি ব্ল্যাক মার্লিন মাছ। শুক্রবার (২৭ আগস্ট) রাতে গভীর বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। শনিবার (২৮ আগস্ট) ৩টার দিকে মাছটি পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুরের টুস্টার ফিস গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি একনজর দেখতে ভিড় জমান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ জানান, ব্ল্যাক মার্লিন মাছ সাধারণত বাংলাদেশের সাগর কিংবা নদীতে বিচরণ করে না। এ মাছ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। তবে বিদেশে এ মাছের চাহিদা রয়েছে অনেক।
আনিস মাঝি বলেন, ‘এ-জাতীয় মাছ আমাদের জালে আর কখনও ধরা পড়েনি। তাই এ মাছটির স্থানীয় নাম আমাদের কারও জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে।’

