আপডেট: October 20, 2021
আপডেট নিউজ ডেস্ক:: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বুধবার। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সকালে রাজধানীতে র্যালি আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি।
রাজধানীর ফাঁকা সড়কে শোভাযাত্রায় হাজির হন হাজার হাজার মানুষ।শোভাযাত্রার সামনেই ১১ নবীপ্রেমীর হাতে ছিল ‘ইয়া নবী সালামু আলাইকুম’।কালেমা খচিত পতাকা ছাড়াও ছিল বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা। ছিল রং-বেরঙের প্ল্যাকার্ড।
মিছিলে অংশ নেওয়া মানুষের মুখে ছিল মহানবী (সা.)-এর প্রতি প্রশস্তি। তাদের পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা। এ সময় পথ চলতি মানুষের মনোযোগ আকর্ষণ করেন তারা। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকা থেকে এ দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন দেশ রূপান্তরের রুবেল রশীদ।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা শহরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।

মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সারা দেশে পালিত হচ্ছে সরকারি ছুটি। তবে সংবাদপত্রের অনলাইন বিভাগসহ আরও কিছু জরুরি সেবা চালু রয়েছে।
এ দিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

