ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতদের জন্য দোয়া মাহফিল

আপডেট: December 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, ঝালকাঠি : ঝালকাঠিতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় সুগন্ধা নদীর তীরে পৌর মিনি পার্কে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাফিজুর রহমান ও হাবিবুর রহমান হাবিল।

দোয়ায় অংশ নিতে উপস্থিত হয় অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজে অংশ নেওয়া শত শত মানুষ। এ সময় শোকে স্তব্ধ হয়ে যায় পৌর মিনি পার্ক এলাকা। দোয়া অনুষ্ঠান স্থলের পেছনেই রাখা ছিল পুড়ে যাওয়া লঞ্চটি।

মোনাজাতে মুঠোফোনে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু। দোয়া মোনাজাত পরিচালনা করেন- ঝালকাঠি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা গাজী শহিদুল ইসলাম। মোনাজাতের সময় চোখে পানি ধরে রাখতে পারেনি অংশ নেওয়া মানুষ।

দোয়া অনুষ্ঠানের আয়োজনকারীদের একজন মো. ছবির হোসেন। তিনি বলেন, আমরা নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি আহতদের চিকিৎসায় একটি উন্মুক্ত তহবিল গঠন করেছিলাম। সেখানে পথচারী ও স্থানীয় বাসিন্দারা যা সহায়তা করেছে, তা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী অনুষ্ঠানের বক্তব্যে বলেন, এমন ঘটনায় সবাই মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের কথা মনে পড়লে অশ্রুসিক্ত হই। সবার মাঝেই শোক বইছে। তিনি এ ঘটনায় মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network