১০০ টাকা বাড়িয়ে স্যান্ডেল বিক্রি, বরিশালে বাটার শোরুমকে জরিমানা

আপডেট: April 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: প্রতারণার মাধ্যমে ১০০ টাকা বেশি লাভ করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা গুনল আর্ন্তজাতিকভাবে প্রসিদ্ধ জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাটা। বুধবার (২০ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর চকবাজারের একটি শো-রুমে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

তিনি জানান, চকবাজারের বাটার শোরুম থেকে এক ক্রেতা ৯৯০ টাকায় এক জোড়া জুতা কিনে বাসায় গিয়ে স্টিকার তুলে দেখেন, আরও একটি স্টিকার লাগানো। সেখানে মূল্য লেখা ৮৯০ টাকা। এ বিষয়ে লিখিত অভিযোগ দেন প্রতারণার শিকার সেই ক্রেতা।

অভিযোগের সূত্র ধরে বাটার শো-রুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে বাটার সেই শো-রুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী জরিমানা টাকার ২৫ শতাংশ অর্থাৎ সাড়ে ৭ সাত হাজার টাকা অভিযোগকারীকে দেওয়া হয়। এই কর্মকর্তা জানান, অভিযোগকারী ক্রেতা প্রবীর কুমার দাস নামে এক ব্যক্তি।

শাহ শোয়াইব মিয়া আরও জানান, এ ছাড়া প্রাণ গ্রুপের খাদ্যপণ্য রোবোর অবিকল নকল পণ্য টিয়াখালীতে জেই ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠান উৎপাদন করে বাজারজাত করছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য ধ্বংস করা হয়। নথুল্লাবাদে আল মদীনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এই কর্মকর্তা বলেন, নগরীর বাস টার্মিনালে কাউন্টারম্যান ও ম্যানেজারদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে টিকিটের মূল্যতালিকা প্রদর্শনের জন্য। যদি এর পরও অপ্রদর্শিতভাবে বাসের টিকিট বিক্রি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network