চরফ্যাসনে রাতের আঁধারে জমি দখলে বাধা দেওয়ায় হামলার অভিযোগ , আহত-৪

আপডেট: May 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা এলাকায় রাতের আঁধারে দলবল নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে জমি দখল করতে গেলে, বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার আলাউদ্দিন গং এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৬ মে) রাত ১১ টার দিকে স্থানীয় সেরাজুল হক এর ছেলে আলাউদ্দিন সিকদার , আলাউদ্দিন এর ছেলে শাকিল(২০), আমির হোসেন (৩৫), রেখা (৩০),ফেরদাউস বেগম (৫০) সহ বহিরাগত ৬০-৭০ জন লোক নিয়ে একই এলাকার সেলিম ও সোহাগের সাথে বিবাদমান জমিতে ভেকু দিয়ে মাটি কাটে, এসময় সোহাগ তার আত্মীয়-স্বজন নিয়ে বাধা দিলে আলাউদ্দিন গং এর হামলায় সোহাগ (৩০), মনোয়ারা (৪০), রহিমা (৩০) তায়িফ (৯) আহত হয়। আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিরোধীয় জমির মালিকানা দাবিদার সেলিম বলেন, আমাদের সাথে দীর্ঘ ১৪ বছর যাবত আলাউদ্দিন গং এর সাথে ৪০ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। কাগজ পত্রের সত্যতা দেখে জরিপে আমাদের পক্ষে মালিকানার স্বীকৃতি দেওয়া হয়েছে। স্থানীয় সালিস বৈঠকেও আমরা জমির প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি পেয়েছি। তারপরেও বিরোধী পক্ষ বহিরাগত ৬০-৭০ জন লোক নিয়ে রাতে জমি দখল করতে এসে আমাদের উপর হামলা করে। আলাউদ্দিন সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network