আপডেট: June 12, 2022

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি ও পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। রবিবার (১২ই জুন) সকাল ৮টার সময় উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গয়েশপুর বিওপির টহল দল। একইদিন বিকাল ৪টার সময় জীবননগর থানা পুলিশ পৌরশহরের ইসলামপুর মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উদ্ধার করা হয় ৬০ বোতল ফেন্সিডিল। আটক করা হয় এক যুবককে। আটককৃত যুবক জনি আহমেদ ওরফে আলামিন (২৬) ঝিনাইদহের মহেশপুর থানাধীন পীরগাছা গ্রামের মো. কাদেরের ছেলে।
রবিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত গয়েশপুর বিওপির টহল দল রবিবার সকালে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই সৈকত পাড়ে এবং এএসআই রহুল আমিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার বিকালে জীবননগর পৌরশহরের ইসলামপুর মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় সাজানো অবস্থায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

