আপডেট: August 22, 2022
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ্ আল-মামুন। সোমবার (২২শে আগস্ট) বিকালে তিনি যোগদান করেন। পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন ঝালকাঠির রাজাপুর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আব্দুল্লাহ্ আল-মামুন বাংলাদেশ পুলিশে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পূর্বে তিনি নোয়াখালী জেলা, ঢাকা মেট্রোপলিটন, কুমিল্লা জেলা এবং সর্বশেষ গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সুনাম ও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গায় যোগদান করায় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ। কাঙ্ক্ষিত জনবান্ধব চুয়াডাঙ্গা গড়তে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জেলার সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

