আপডেট: July 13, 2023
অনলাইন ডেস্ক:: চাঁদপুর ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমির পেছনে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় চারজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকালে নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে অভিযান চালিয়ে ড্রেজারসহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বালু ব্যবসায়ী আবুল কালাম কালু পাঠান, ড্রেজার শ্রমিক নুরুজ্জামান হোসেন, শাকিল খান ও মিজান বেপারী।জানা যায়, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা এলাকার বালু ব্যবসায়ী আবুল কালাম কালু পাঠান কৌশলে রাতের আঁধারে ডাকাতিয়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে আবুল কালাম কালু পাঠান ও ড্রেজার শ্রমিক নুরুজ্জামান হোসেন, শাকিল খান, মিজান বেপারীসহ চারজনকে গ্রেফতার করেন।
স্থানীয়রা জানায়, আবুল কালাম কালু পাঠান চাঁদপুর ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমির পেছনে গাছতলা গুনরাজদী খাল দখলের পর বাঁশ দিয়ে পাইলিং করে রাতের আঁধারে ডাকাতিয়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সেই জায়গা ভরাট করেন। এই ভূমিদস্যু আবুল কালাম কালু পাঠানোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সরকারি খাল ভরাট করার কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া কৃষকরা ফলন ফলাতে ব্যাহত হচ্ছেন। খুব দ্রুত গুনরাজদি ও গাছতলা খালটি পুনরুদ্ধার করার জোর দাবি জানান তারা।
নৌ ওসি কামরুজ্জামান জানান, বালু উত্তোলনের সময় ড্রেজারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

