আপডেট: July 30, 2023
নিজস্ব প্রতিবেদক:: মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার (৫৫) নামে এক কৃষককে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১ নারী সহ ৪ জনকে আটক করেছে মাদারীপুর ও কালকিনি থানা পুলিশ। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেজো ছেলে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামে হত্যার ঘটনা ঘটে।রবিবার (৩০ জুলাই) দুপুরে কালকিনি থানার হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আটককের বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মুহুরি এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে রীতিমতো উত্তেজনা চলছিল। সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায় উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়।
একপর্যায় এইচ এম সবুর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে তার ছেলেদের সাথে নিয়ে কবির হাওলাদারকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চিরুনি অভিযানের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর খুনের ঘটনার সাথে জড়িত থাকায় সবুর হাওলাদার, সবুর হাওলাদারের স্ত্রী লিপি বেগম এবং তার দুই ছেলে আসালিম ও আসলামকে আটক করেছে পুলিশ।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর পেশায় একজন কোর্টের মুহুরি।সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।মামলার বাদী ও মৃত কবির হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার বলেন, আমি ৪ জনকে আসামি করে মামলা করেছি, ৪জন আসামি গ্রেপ্তার হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। ওরা নরপশু।নরপশু না হলে নিজের ভাই, নিজেদের চাচাকে কিভাবে গলা কেটে হত্যা করে!মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান সংবাদ সম্মেলন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার অপরাধে রবিবার মামলা রুজু হলেও আমরা গতকাল তাৎক্ষণিক অপরাধীদের আটকের জন্য অভিযান শুরু করি এবং মামলার ৪জন আসামিকেই আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আমরা ৪জনকে আদালতে পাঠাব।

