আপডেট: July 31, 2023
উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করেছে। সোমবার (৩১শে জুলাই) দুপুরে দর্শনা থানাধীন মোহাম্মদপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই খান আ. রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার দুপুর ৩টার দিকে দর্শনা পৌরশহরের মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মোহাম্মদপুর এলাকার আব্দুস সালামের ছেলে মিলন হোসেনের (২৯) ভাড়া বাসার বারান্দা হতে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। এ ঘটনায় মিলন হোসেনকে পলাতক দেখিয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের ৪টি মামলা তদন্তাধীন রয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

