বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

আপডেট: August 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে ৮ হাজার ৯২৬ পিস ইয়াবা এবং ৩০ গ্রাম ইয়াবার গুড়াসহ এক ইউপি সদস্য ও যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার আরও দুই সহযোগী পুলিশের হাতে আটক হয়। রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার সিমান্তবর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ডে এই অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হল গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল সরদার (৩২) এবং তার দুই সহযোগী কক্সবাজারের টেকনাফ থানার জাফরের বাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্বলেদা (লামার পাড়া) গ্রামের হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভূরঘাটা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭ টি নীল রংয়ের প্যাকেটের মধ্য থেকে ৮ হাজার ৯২৬ পিস ইয়াবা, ৩০ গ্রাম ইয়াবার গুড়া, নগদ ২০ হাজার টাকা এবং ৩টি মুঠোফোন জব্দ করা হয়।

হালিমা এর আগেও তার ছেলে ফোরকানকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকা হয়ে গৌরনদীতে ইউপি সদস্য সোহেলের কাছে এসেছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা আটক ৩ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম আরও জানান, এ মামলা ছাড়াও ইউপি সদস্য সোহেলের বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। ওই মামলায় হাতজবাস করেন তিনি। অন্যদিকে হালিমার নামেও বিভিন্ন থানায় মাদকের ৪টি মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network