আপডেট: August 25, 2023
অনলাইন ডেস্ক:: দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা আব্দুল কাশেমের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ী পৌর শহরের রেল গেট এলাকা থেকে নিহতের ছেলে মাসুদ রানাকে (২৪) আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত কাশেম ওই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে।
তার ছেলে মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি আলাদা একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে তার বাবা কাশেম তাকে খাবার দিতে যান। ওই সময় পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাসুদ তার বাবার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়।
পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরের দিন শুক্রবার সকালে মাসুদের মা মাহমুদা বেগম ছেলের বাড়িতে গিয়ে কাশেমকে রক্তাত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।স্থানীয় ও পরিবারের অন্য সদস্যরা জানায়, মানসিক ভারসাম্যহীন মাসুদ প্রায়ই পরিবারের সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর ও ভাঙচুর করেন। সে কারণেই তাকে আলাদা বাড়িতে রাখা হয়।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাথায় লাঠি জাতীয় কিছুর আঘাত থেকে রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ছেলে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

