আপডেট: August 31, 2023
নুরুল্লাহ ভূইয়া , চরফ্যাসন (ভোলা):
কৃষি মন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছে । জনগন বিএনপি জামায়াতের যে কোন ষড়যন্ত্র রুখে দেবে । তিনি বৃহস্পতিবার (৩১ আগস্ট ) দুপুর ১২ টায় চরফ্যাসন উপজেলায় নতুন হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে চরফ্যাসন ব্রজ গোপাল টাউন হলে উপজেলা পরিষদের আয়োজনে এক সুধী সমাবেশে এ কথা বলেন।
ড. আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তার বিচক্ষণ নেতৃত্বে দেশ থেকে মঙ্গা দূর করে কৃষি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ বিশ্বে সমাদৃত। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের দিক থেকে বাংলাদেশকে অনেক বেশি উচুতে নিয়েছেন, সম্মানের জায়গায় স্থাপন করেছেন।
কৃষি মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে চায়। দেশকে ভালো রাখার জন্য জনগন আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি।
ড. আবদূর রাজ্জাক বলেন, হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের মাধ্যমে চরফ্যাসনে কৃষি বিপ্লব হয়ে এখানকার সমুদ্র তীরবর্তী মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।
চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মনসুর আলম খান, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়নের প্রকল্প পরিচালক মেহেদী মাসুদ , ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ । অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
এর আগে তিনি সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে চরফ্যাসন পৌছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, এরপর চরফ্যাসন উপজেলায় প্রায় ৮৫ কোটি ব্যয়ে নতুন হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষি মন্ত্রী এবং ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের করা রেকর্ড উন্নয়নের কিছু স্থাপনা ঘুরে দেখে অভিভূত হন।

